বড়লেখায় সড়কে শৃঙ্খলায় প্রশাসন ও নিসচার সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচির সমাপ্তি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবকালীন সময়ে সড়কে যানজট নিরসন ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যৌথ উদ্যোগে পরিচালিত সপ্তাহব্যাপী বিশেষ ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতামূলক কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে।
দুর্গাপূজার মহাষষ্ঠীর আগের দিন থেকে শুরু করে বুধবার (২১ অক্টোবর) বিজয়াদশমী পর্যন্ত টানা এক সপ্তাহ দিন-রাত সড়কে এই যৌথ সচেতনতামূলক ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি পালিত হয়েছে এবং এর ধারাবাহিকতায় তালিমপুরের সার্বজনীন পূজামণ্ডপ বাংলাবাজারে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে গত (১২ অক্টোবর) নিসচার একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করে সড়কে নিরাপত্তা জোরদারে এবং যানজট নিরসনে বিভিন্ন আলোচনা উপস্থাপন করেন। এই প্রস্তাবনার আলোকেই মাঠপর্যায়ে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের সহায়তায় এই ক্যাম্পেইন গতিশীল করা হয়।
স্থানীয় জনসাধারণ বলেন, দুর্গাপূজার ছুটিতে মণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে প্রতি বছরই তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এবার জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও নিসচার স্বেচ্ছাসেবকদের সমন্বিত ও কঠোর তৎপরতার কারণে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে। বিশেষ করে পুণ্যার্থী ও সাধারণ পথচারীদের নিরাপদ পারাপার ও মণ্ডপমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিসচার কর্মীরা ট্রাফিক পুলিশকে দিনরাত সহযোগিতা করেছেন।
সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচির আওতায় প্রধান প্রধান মোড় ও পূজামণ্ডপ সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ, পথচারীদের ফুটপাত ব্যবহারে উদ্বুদ্ধকরণ, চালকদের অতিরিক্ত গতি ও ওভারটেকিং না করার অনুরোধ এবং যত্রতত্র গাড়ি পার্কিং রোধে মাইকিং করা হয়। এছাড়া প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সড়কে শৃঙ্খলা ও আইন লঙ্ঘন প্রতিরোধে সার্বক্ষণিক সক্রিয় ছিল।
সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচিতে নিসচা নেতৃবৃন্দরা ছাড়াও বড়লেখা থান পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিসচা নেতারা জানান, “দুর্গোৎসবে সড়কে মানুষের চলাচল অনেক বেড়ে যায়। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে টানা সাত দিন বিশেষ কর্মসূচি পালন করেছি ও পরবর্তী সময়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মানতে সচেতন করার পাশাপাশি আমরা মণ্ডপের আশপাশের ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছি।”
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্গাপূজা উপলক্ষে সড়কে বিশেষ শৃঙ্খলা কর্মসূচিতে নিরলস পরিশ্রম করা নিসচার সেচ্ছাসেবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রশাসন ও নিসচার এই যৌথ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে। আগামীতেও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এই ধরনের যৌথ ও সমন্বিত সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।







