৮ আগস্ট দিরাই বিএনপি’র গণসমাবেশ সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর
আগামী ৮ই আগস্ট সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি ও গণ-সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিকে ঐতিহাসিক গণজোয়ারে পরিণত করতে দলীয় নেতাকর্মীসহ দিরাইয়ের সর্বস্তরের সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন কারা নির্যাতিত সাবেক যুবদল নেতা আলী আকবর চৌধুরী।
এক বিবৃতিতে আলী আকবর চৌধুরী বলেন “গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমাদের এই অগ্রযাত্রা। আগামী ৮ই আগস্ট দিরাইয়ের মাটিতে যে বিজয় র্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা হবে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যের আহ্বান ও বিজয়ের প্রতীক।”
তিনি আরও উল্লেখ করেন, এই গণসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতার দাবির এক বিশাল গণজমায়েত। তাই দল-মত নির্বিশেষে দিরাই উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের সচেতন জনতাকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
কর্মসূচি সফল করতে ইতিমধ্যে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। ৮ই আগস্টের এই গণসমাবেশে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।






