ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
সুনামগঞ্জের ছাতক উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নে নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ছাতক উপজেলার নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার অভিযোগে প্রতিপক্ষ সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এর জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।








