শাবিপ্রবিতে দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ‘মাস্টারিং অ্যাকাডেমিক রাইটিং: ফ্রম প্ল্যানিং টু প্রোডাকশন’ শীর্ষক দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সাস্ট রাইটিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ের ৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
দুই দিনব্যাপী এ কর্মসূচি ১ ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল সাড়ে ৯টায় আইকিউএসি ভবনের কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ্য হলেও গবেষণায় এখনো ইলেকট্রনিক যোগাযোগ ঘাটতি রয়েছে। অধ্যাপকদের সঙ্গে কাজ করতে গিয়ে লেখার ধরন ও পদ্ধতি শেখা যায়। রিসোর্স পারসনদের কাছ থেকেও সাহিত্য পর্যালোচনার গুরুত্ব ও পদ্ধতি শেখা যাবে, যা ভবিষ্যতে তাদের দক্ষ গবেষক হিসেবে গড়ে তুলবে।”
রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ বলেন, “প্রশিক্ষণের লক্ষ্য হলো গবেষণা ও থিসিস লেখার মৌলিক ধারণা, কাঠামো এবং ভাষার শুদ্ধতা সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুত করা। অংশগ্রহণকারীরা থিসিসের গঠন, লিটারেচার রিভিউ করার কৌশল, উৎস ব্যবহারের নীতি এবং একাডেমিক লেখার স্টাইল ও প্রবাহ উন্নত করার বিষয়ে হাতে-কলমে নির্দেশনা পাবেন।”
এ ছাড়া একই বিষয়ে সাস্ট রাইটিং সেন্টার আগামী ৮ ও ৯ ডিসেম্বর দ্বিতীয় দফার প্রশিক্ষণ আয়োজন করবে। এতে কৃষি ও খনিজ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীববিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান অনুষদের মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ের আরও ৪৫ জন শিক্ষার্থী অংশ নেবেন।








