সিসিক প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্য সৌজন্য সাক্ষাৎ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন ) সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় শাবিপ্রবি উপাচার্য এবং সিসিক প্রশাসক পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি শাবিপ্রবির শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিসিক প্রশাসক বলেন, শাবিপ্রবি সিলেটসহ সারা দেশের একটি অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি বিধি মোতাবেক অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।







