বড়লেখায় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ শাখার সভাপতির সাথে নিসচার মতবিনিময়
মৌলভীবাজারের বড়লেখায় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্র (ইউএসএ) শাখার সভাপতি ও নিসচা উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র সাথে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বড়লেখা পৌর শহরের একটি অভিজাত মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ।
সভায় বড়লেখা উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘদিন ধরে দেশে সচেতনতা তৈরিতে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। প্রবাসে থাকলেও দেশের মানুষের নিরাপত্তা এবং কল্যাণের যেকোনো ভালো উদ্যোগে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন সবসময় পাশে থাকবে।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, রাহেল আহমদ ও নাজিম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা গ্রন্থ প্রদান করা হয়।







