রহস্য ঘেরা আলীর সুড়ঙ্গ, লুকিয়ে আছে অজানা ইতিহাস
বান্দরবানের আলী কদমে আলীর সুড়ঙ্গ নিয়ে রহস্যের শেষ নেই। আলী কদম নাম নিয়ে যেমন নানা কথা, উপকথা আর অভিমত চালু আছে, তেমনি রহস্যময় এই গুহা নিয়েও মজার মজার সব গল্প রয়েছে।
স্থানীয়দের কাছে এই গুহা আলীর সুরম (আলীর গুহা) নামে পরিচিত। সরকারি নথিপত্রে এটাকে চিহ্নিত করা হয়েছে পুরাকীর্তি হিসেবে। শুধু যে সুড়ঙ্গটার নাম আলীর নামে তা কিন্তু নয়, যে পাথুরে পাহাড়ে এই গুহার অবস্থান তার নামও আলীর পাহাড় আর উপজেলার নাম আলী কদম। এই আলী কদম আলীর পাহাড় আর আলীর গুহা একসূত্রে গাঁথা বলে ধারণা করা যায়। তবে কখন কিভাবে দুর্গম পাহাড়ে এমন অদ্ভুত সুন্দর গুহা তৈরি হলো তা নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য বা নথি পাওয়া যায় না। আলী কদম সদর থেকে ৩ কিলোমিটার দূরে মাতামুহুরী-তৈন খাল পাড় ঘেঁষে দুই পাহাড়ের চূড়ায় এই গুহার সৃষ্টি। এলাকাবাসীর কাছে এই গুহা আলীর সুরম নামে পরিচিত। সরকার এই গুহাকে পুরাকীর্তি হিসেবে চিহ্নিত করেছে। স্থানীয়দের মতে এখানে ৫টি গুহা রয়েছে।
সবগুলো গুহা ঘুরতে ৫-৭ ঘণ্টা সময় লেগে যাবে। গুহা ঘুরতে আপনাকে ঝিরিপথ দিয়ে চলতে হবে। ঝিরি থেকে গুহার মুখ ওপরে অবস্থিত। প্রথম গুহা ঘুরতে আপনার বেশি সমস্যা হবে না কারণ প্রথম গুহায় সিঁড়ির ব্যবস্থা রয়েছে। কিন্তু বাকিগুলোতে পাহাড় ও গাছের সিঁড়ি বেয়ে উঠতে হবে।
গুহার কিছু অংশে হামাগুড়ি দিয়ে যেতে হয় কারণ এর কিছু অংশ বেশ সরু। গুহার ভেতরে গেলেই যেন এক অজানা রহস্য আপনাকে ঘিরে রাখবে। নতুন এক জগতের সঙ্গে পরিচয় হবে আপনার। ভেতরে যেতে অবশ্যই টর্চ কিংবা মশাল নিতে হবে। এই গুহার ভেতরের অংশ ঘুটঘুটে অন্ধকার। গা ছমছম করা পরিবেশ এবং একেবারেই স্যাঁতসেঁতে।
বহুল প্রচলিত ধারণা হলো আলোহক্যডং থেকে আলী কদম নামটির জন্ম। যার অর্থ পাহাড় আর নদীর মধ্যবর্তী স্থান। বান্দরবানের রাজা বোমাং সার্কেল চিফ এর নথিপত্রে ও পাকিস্তান আমলের মানচিত্রে আলোহক্যডং নামের অস্তিত্ব পাওয়া যায়। পার্বত্য অঞ্চলের সবচেয়ে পুরনো মানচিত্রেও (Ensea Det Bengalla) পর্তুগিজ পণ্ডিত জোয়াও জে বারোজ (Jao De Barros) আলোহক্যডং নামটি ব্যবহার করেছেন।
আরাকানি ভাষায় অনেক পাহাড় ও জায়গার নামে ডং, থং বা দং উপসর্গজুড়ে আছে। সম্ভবত ডং মানেই পাহাড়। তাই ধারণা করা হয়, তাজিংডং ও কেউক্রাডং পাহাড়ের মতোই আলোহক্যডং একটি পাহাড়ের নাম, যা কালক্রমে আলী কদম নাম নিয়েছে। অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটির প্রথম জেলা প্রশাসক ক্যাপ্টেন টিএইচ লুইন এর মতে, ALLEY KINGDOM থেকে ALIKADAM নাম হয়েছে। তার মতে, ALLEY অর্থ দমন, আর KINGDOM অর্থ রাজ্য। বাংলায় মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এখানে ক্ষুদ্র এক রাজ্য শক্তিকে করায়ত্ত বা দমন করেন। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে এ অঞ্চলের নাম হয় ALLEY KINGDOM বা দমন করা রাজ্য। যা পরবর্তীতে আলী কদম নামে টিকে থাকে।
নবম শতাব্দী থেকে আরাকানি শাসনে থাকা আলী কদম পঞ্চদশ ও ষোড়শ শতকে বাংলার সুলতান জালাল উদ্দিনের করায়ত্ব হয়। ১৭৫৬ সালে মুঘলরা এ অঞ্চল জয় করলে আরাকানি শাসনের কফিন শেষ পেরেক ঠোকার কাজটি হয়ে যায়। আরাকানরাজ কং হ্লা প্রুকে আত্মসমর্পণ করতে বাধ্য করে স্ব-পরিবারে।
আরকানি ইতিহাসে বলা হচ্ছে, শাসন পরিচালনার ফায়দা তুলছে ১৮ জন আরকানি রাজা মুসলিম উপাধি গ্রহণ করেছিলেন। এদের মধ্যে ১৪৩৪-১৪৫৯ খ্রিস্টাব্দ পর্যন্ত এ অঞ্চল শাসন করেন রাজা মাং খারি। তার মুসলিম উপধি ছিল আলী খান। ১৫৩১ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব পরিচালনাকারী রাজা থাজাথা’র মুসলিম উপাধি ছিল আলী শাহ্। এ দুই নামের প্রভাবে আলীকদম নামটি এসে থাকতে পারে। অপর এক ব্যাখ্যায় বলা হচ্ছে, আরবিতে কদম অর্থ পা। প্রয়োগ ভেদে যার অর্থ পদাচারণাও হতে পারে। আলী নামের কেউ একজন কোনো এক সময় এ অঞ্চলে পা রেখে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। পরে তার নামের সঙ্গে কদম শব্দটি যুক্ত হয়ে আলী কদম নামটির জন্ম। তবে এমনও ধারণা প্রচলিত যে, হযরত শাহজালাল এর নেতৃত্বে ৩৬০ আউলিয়া ধর্মপ্রচারের জন্য সিলেট অঞ্চলে এলে তাদের একটি অংশ পার্বত্য এলাকায় আসেন, যাদের কারো নামের আলী উপাধি থেকে আলী কদম নামের জন্ম।
আলী কদমের অবস্থান বান্দরবান থেকে ১১৮ কিলোমিটার দক্ষিণে। পাহাড়ের পর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আলী সুড়ঙ্গে যেতে হয়। থানচি থেকে আলী কদমে সম্প্রতি ডিম পাহাড়ের ওপর দিয়ে নির্মিত দেশের সবচেয়ে উঁচু রাস্তা দিয়ে এখানে যাওয়া যায়। এ রাস্তার মাথায় পানবাজার এলাকা থেকে পূর্ব দিকে মাতামুহুরি নদীর তীরে আলীর পাহাড়ের অবস্থান।
আলী কদম শহর থেকে যার দূরত্ব ২ দুই কিলোমিটার মাত্র। বর্তমানে যাতায়াতের সুবিধার্থে তৈন খালের উপর দিয়ে একটি ব্রিজ ও রাস্তা নির্মাণ করা হয়েছে।
গাইড: আলী গুহা বা আলীর সুড়ঙ্গে আগে গিয়ে না থাকলে একা না যাওয়াই ভালো। সঙ্গে গাইড নিয়ে নেবেন। আলী কদম থেকে কাউকে নিয়ে নিতে পারেন গাইড হিসেবে। তাছাড়া ঝিরিপথের শুরুতেই বেশ কিছু ছেলে দাঁড়িয়ে থাকে, তাদের মধ্য থেকেও কাউকে নিতে পারেন।
থাকার ব্যবস্থা: আলী গুহায় একদিনে গিয়েই ঘুরে আসতে পারবেন। রাতে ঢাকা থেকে বাস করে গিয়ে সারাদিন ঘুরে আবার রাতের বাসে ঢাকায় ফিরে আসতে পারেন। চট্টগ্রাম থেকে খুব সকালে গেলে ঘুরে আবার একদিনেই ফিরে আসতে পারবেন। তারপরও যদি থাকার প্রয়োজন হয় তাহলে আলী কদমে উপজেলা রোডে দ্যা দামতুয়া ইন আবাসিক অথবা জেলা পরিষদের ডাক বাংলো অথবা অর্কিড হোটেল এন্ড রেডেনশিয়ালে থাকতে পারেন।
খাওয়ার ব্যবস্থা: আলী কদমে বেশকিছু খাবারের হোটেল আছে। এ ছাড়া পানবাজারেও বেশকিছু হোটেল রয়েছে। খুব ভালো মানের খাবার না থাকলেও মোটামুটি মানের খাবার পাবেন এসব হোটেলে।
কীভাবে যাবেন: আলী গুহায় যেতে প্রথমেই আপনাকে বান্দরবান যেতে হবে। বান্দরবান জেলার আলী কদম পৌঁছে তারপর আলী গুহায় যেতে হবে। বান্দরবান শহর থেকে থানচি-আলীকদম রোড দিয়ে কিংবা কক্সবাজারের চকরিয়া উপজেলা হয়ে আলী কদম আসতে হবে।
ঢাকা থেকে কীভাবে যাবেন আলী কদম: ঢাকা থেকে সরাসরি আলী কদম যেতে পারবেন। ঢাকায় শ্যামলী ও হানিফ বাস সরাসরি আলী কদম যায়। ঢাকা থেকে সরাসরি যাওয়াই ভালো। এতে সময় অনেক কমে যায়। এক্ষেত্রে ভাড়া হবে ১১০০ টাকা। এ ছাড়া কক্সবাজারগামী যেকোনো বাসে চকরিয়া গিয়ে যেতে পারেন আলী কদম। ঢাকা থেকে চকরিয়া বাস ভাড়া নেবে ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। চকরিয়ায় আলী কদম যাওয়ার লোকাল বাস রয়েছে। এসব বাস প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আলী কদমের উদ্দেশে ছেড়ে যায়। তা ছাড়া লোকাল জিপ অথবা চাঁদের গাড়িতে করে চকরিয়া থেকে আলীকদম যেতে পারবেন। এক্ষেত্রে লোকাল ভাড়া নেবে ১০০-১২০ টাকা। রিজার্ভ নিলে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা নেবে ভাড়া।
আলী কদম থেকে আলীর গুহা কীভাবে যাবেন : প্রথমে আলী কদম থেকে তিন কিলোমিটার দূরে মংচপ্রুপাড়ায় যেতে হবে। হেঁটে কিংবা ইজিবাইকে করে যেতে পারেন। মংচপ্রুপাড়ার পাশ দিয়েই রয়েছে তৈন খাল। এই খাল পার হয়ে কিছুক্ষণ পাহাড় ও ঝিরিপথে হেঁটে আলীর সুড়ঙ্গে যেতে হবে। সময় লাগবে ২০-৩০ মিনিট। সবগুলো গুহা দেখা ও আসা-যাওয়ায় মোট সময় লাগবে তিন ঘণ্টার মতো।







