তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন, চলছে মনোনয়ন সংগ্রহ
দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু করেন। দ্বিতীয় দিনেও প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন সংগ্রহ করেছেন উৎস মুখর পরিবেশের মধ্যে দিয়ে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরুর মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি পেয়েছে ব্যবসায়ীদের মধ্যে। সে কারনে স্থানীয় ব্যবসায়ী মহল, প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ১২ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন এবং ১২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন পদপ্রত্যাশীরা।
সকলের সহযোগিতা ও অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী।
তিনি জানান, মনোনয়নপত্র বিক্রি চলছে দ্বিতীয় দিনের মতো। নির্বাচনী তফসিলে নির্ধারিত সময় সূচি অনুযায়ী মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।







