কানাইঘাটে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরী
সিলেটের কানাইঘাটে সাদাপোশাকে পুলিশের অভিযানের সময় সদস্যদের ‘চোর-ডাকাত’ আখ্যা দিয়ে মব তৈরির মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফসর হোসেন নামে উপজেলা বিএনপির এক নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত আফসর হোসেন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাতে কানাইঘাটের লোভাছড়া সীমান্তবর্তী মুলাগুল বাজারে অভিযান চালায় থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ রানাকে গ্রেফতার করতে সাদাপোশাকে তিন পুলিশ সদস্য সেখানে যান। অভিযোগ রয়েছে, এ সময় একদল লোক পুলিশ সদস্যদের ‘চোর-ডাকাত’ বলে ঘিরে ধরে এবং মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দিয়ে সাঈদ রানাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় আফসর হোসেনের ইন্ধন ছিল বলে অভিযোগ ওঠে।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, পুলিশের দেওয়া তথ্য এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকতর তদন্ত শেষে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কানাইঘাট থানার ওসি শহীদুর রহমান জানান, সাঈদ রানার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতেই পুলিশ অভিযান চালিয়েছিল। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ দাবি করেন, সংঘবদ্ধভাবে পুলিশকে ঘিরে ধরে আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এবং এতে আফসর হোসেনের ইন্ধন ছিল।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আফসর হোসেন। তাঁর দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। পরে বাজারে গিয়ে পরিস্থিতি জানতে পেরে পুলিশ সদস্যদের পরিচয় নিশ্চিত হয়ে লোকজনকে শান্ত করেন এবং তাঁদের চা খাইয়ে বিদায় দেন। কাউকে ছিনিয়ে নেওয়া কিংবা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।






