সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩২ হয়েছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুদের মধ্যে তিন মাস ২২ দিন বয়সি আরিশা ইসলাম সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা ফারুক আহমদের মেয়ে; ছয় মাস বয়সি জায়ান সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আব্দুল বাসিরের ছেলে। অন্য শিশুটি এক বছর তিন মাস বয়সি সিয়াম আহমদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে।
এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫২৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২৩২ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের এক হাজার ৮৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানান হয়েছে।







