আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার দুলাল ভূইয়া আর নেই
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) দুলাল ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের পিতা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুলাল মিয়া একজন পরিচিত ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং সাধারণ মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। অনেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় চুনারুঘাট আলিম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা বাদ জোহর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।







