ঢাবিতে চান্স পেলেন জকিগঞ্জের মাশুদ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসা ইউনিয়নের আটগ্রাম এলাকার মরইরতল গ্রামের মেধাবী শিক্ষার্থী মাশুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ লাভ করেছেন। তার মেরিট পজিশন ৫১৩।
মাশুদ আহমেদ জকিগঞ্জের আটগ্রামের মরইরতল গ্রামের বাসিন্দা মাহমুদ হোসাইন-এর ছেলে। তার এই সাফল্যে পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে।
মাশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের সূচনা আটগ্রামের লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে। তিনি শিক্ষাজীবনে শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন। মাশুদ গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে আলিম এর জন্য তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা-তে ভর্তি হন এবং সেখান থেকেও কৃতিত্বের সাথে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাশুদ আহমেদ বলেন, “এই সাফল্যের পেছনে মহান আল্লাহর রহমত এবং আমার বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম ও দোয়া রয়েছে। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
মাশুদ আহমেদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ এবং সহপাঠীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন জকিগঞ্জবাসী।
এলাকাবাসীর মতে, মাশুদ আহমেদের এই সাফল্য জকিগঞ্জের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।







