দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য
দুবাইয়ের জনপ্রিয় হিউম্যানয়েড রোবট বু সুনাইদাহ ঘোষণা দিয়েছে, সে আরেক রোবট মোজাকে ‘বিয়ে’ করেছে। সামাজিক মাধ্যমে এ ঘোষণা ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বু সুনাইদাহর অফিসিয়াল সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে ‘বিয়ের’ ঘোষণা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। রোবটটির অভিনব ও মজার ভিডিও আগে থেকেই সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তবে হঠাৎ ‘বিয়ের’ ঘোষণা অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বু সুনাইদাহ তৈরি করেছে এস এস লুতাহ গ্রুপ—সিন্স ১৯৫৬। এটি মূলত গবেষণা ও শিক্ষামূলক কাজের জন্য তৈরি ইউনিট্রি জি১ হিউম্যানয়েড রোবটের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
আমিরাতের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা বিভিন্ন ভিডিও এবং সরকারি ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে বু সুনাইদাহ সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তবে রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, বু সুনাইদাহ ও মোজার এই ‘বিয়ে’ কোনো বৈধ আইনগত বা ধর্মীয় বিয়ে নয়। এটি মূলত সামাজিক মাধ্যমের জন্য তৈরি করা একটি বিনোদনমূলক কনটেন্ট।






