জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার গুঞ্জন, যা বলল নেজামে ইসলাম
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে সরে দাঁড়ানোর বিষয় নাকচ করে দিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন দলটির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। তিনি বলেন, ‘দলটি এখনো জামায়াত জোটেই রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল ১১ দলীয় ঐক্য ছাড়ছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ গুঞ্জন। এর কোনো সত্যতা নেই। খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্য ছাড়ার খবর শুনেছি, তবে আমরা এখনো এ ঐক্যে বহাল আছি।’
এর আগে গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠকে ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় দলটি। বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনি সমঝোতা। নির্বাচন শেষ হওয়ায় সে সমঝোতার কার্যকারিতাও শেষ হয়েছে। তাই এখন থেকে জোটের সব কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।
তারও আগে, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়। ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করা হয়। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়।
খেলাফত আন্দোলন এবং পরে খেলাফত মজলিসের ১১ দলীয় ঐক্য ত্যাগের ঘোষণার পর জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শরিক অন্য দলগুলোর অবস্থান নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এ পর্যন্ত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আনুষ্ঠানিকভাবে জোটে থাকার কথাই জানিয়েছে।
তবে খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের জোট ত্যাগের ঘোষণার পর এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী। তবে নেজামে ইসলাম পার্টি জোট ছাড়তে পারে—এমন গুঞ্জনের বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, ‘নেজামে ইসলাম পার্টির ব্যাপারে কোনো কিছু জানা নেই।






