মাধবপুরে বিএনপির বিক্ষোভের পর তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে মহাসম্মেলন
হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে ঘিরে সৃষ্ট বিরোধের অবসানে তাঁকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের তত্ত্বাবধানে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তাহেরীর উপস্থিত থাকার কথা ছিল।
তবে তাঁকে আমন্ত্রণ জানানো নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) কাশিমনগর বাজারে বিক্ষোভ ও তাহেরীকে বয়কটের কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম শাহীন আলম রিপন।
বিক্ষোভে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই মাহফিলে তাহেরীর অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি উসকানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ সময় তাঁকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
অন্যদিকে, বিরোধিতার মুখেও মাহফিলে উপস্থিত হওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন তাহেরী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।’
এ পরিস্থিতিতে সুষ্ঠু পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে উপজেলা প্রশাসন তাহেরীকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়। ফলে নির্ধারিত কর্মসূচি বহাল থাকলেও প্রধান বক্তা হিসেবে তাঁর অংশগ্রহণ থাকছে না।
এদিকে, সম্মেলনের প্রচারপত্রে তাহেরীর নামের নিচে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের অবস্থান ও উপস্থাপনাকে কেন্দ্র করেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রশাসনের এ সিদ্ধান্তের পর স্থানীয়দের প্রত্যাশা, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হবে।







