মাধবপুরের চা বাগানে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলল
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম চয়ন বনিক (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চানদেওয়ার গ্রামের সাহাদেব বনিকের ছেলে।
শনিবার (৬ জুন) দুপুরে সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকালে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশ ও স্থানীয় সূত্রে পরিচয় নিশ্চিত হওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, চয়ন বনিক গত প্রায় চার বছর ধরে ভারতের আগরতলা শহরে বসবাস করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চা বাগান থেকে উদ্ধার হওয়া মরদেহের ছবি ও সংবাদ দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কীভাবে চয়ন বনিকের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে তার পরিবার ও স্থানীয়রা।







