প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীরা। আগামী ২ মে শনিবার সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরজুড়ে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, তিনি সিলেটে এসে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প, বাসিয়া খাল খনন কর্মসূচি এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের উদ্বোধন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এদিকে সফরকে ঘিরে সিলেট নগরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম চলছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাও প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফর সিলেটের উন্নয়ন ও রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে।
প্রশাসন ও রাজনৈতিক মহলের সমন্বয়ে নেওয়া এই ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সিলেট সফর সফল হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে একই দিন সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন।






