রক্তি নদীর পানিতে ডুবে কাঠ মিস্ত্রি নিখোঁজ, তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে পানিতে ডুবে রাকিবুল হোসেন (২৬) নামে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের নৌকা ঘাট থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।
নিহত রাকিবুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানায় বালিগা গ্রামে দিল মোহাম্মদের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, একটি পর্যটনবাহী হাউজবোটে কাঠের কাজ করছিলেন। এসময় হঠাৎ করে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশসহ ফায়ারসার্ভিসের লোকজন এসে রাকিবুলের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ব্যক্তি জয়নাল আহমেদ জানান, হাউজ বোটে কাঠের কাজ করা অবস্থায় রক্তি নদীতে পড়ে রাকিব নামে একজন নিখোঁজ হয়। পরে আমি ফায়ার সার্ভিসকে ফোন দেই। তাহিরপুরের ডুবুরি না থাকায় সুনামগঞ্জ থেকে ডুবুরি দল আসতে দেরী হওয়ায় উদ্ধার কাজ দেরী হয়েছে। ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করেছে।
তাহিরপুর সার্কেল প্রয়ন দে জানান, খবর পেয়ে আমি এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।







