রোলার কোস্টারে মুরগি ফ্রাই
রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার জন্য রোলার কোস্টারের মতো বিনোদনমূলক রাইড অনেকেরই পছন্দ। কিন্তু রোলার কোস্টারে কখনো মুরগি ফ্রাই করতে দেখেছেন? প্রশ্নটি অদ্ভুত শোনালেও এমন ঘটনাই ঘটেছে ওমানে। আহমেদ আল সাদি নামে একজন কনটেন্ট ক্রিয়েটর এই এলাহি আয়োজন করেন; যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সাধারণত, মধ্যপ্রাচ্যের দোকানে রোটিসেরি স্কিউয়ের মাধ্যমে কাঁচা মুরগি ঘুরিয়ে ভাজা হয়। কিন্তু আহমেদ আল সাদি বিশাল পরিসরে রোলার কোস্টারের আয়োজন করেন। রোলার কোস্টারে কাঁচা মুরগিগুলো থরে থরে সাজানো। রাইডের জন্য তৈরি রোলার কোস্টারের মতো ঘুরতে ঘুরতে এসব মুরগি ভাজা হচ্ছে।
খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আল হাশি ক্যাম্প’ নামের এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। তবে এটি সীমিত সময় পরিচালিত হয়েছে। অর্থাৎ ৩০ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত এটি চালু ছিল।
দর্শনার্থীদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়া ছাড়াও বিনামূল্যের নানা ধরনের উপহার দেওয়া হয়। তাছাড়া র্যাফেল ড্রয়ের মাধ্যমে দুটি মার্সিডিজ গাড়ি জয়ের সুযোগও ঘোষণা করেন। অনুষ্ঠানস্থলের একটি ভিডিও ধারণ করে মূল আয়োজককে ট্যাগ করার মাধ্যমে যে কেউ এতে অংশ নিতে পারেন।
রোলার কোস্টারে মুরগি ফ্রাই সাময়িকভাবে বন্ধ
রোলার কোস্টারে মুরগি ফ্রাই করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ধোফার পৌরসভা জানায়, তাদের স্বাস্থ্য পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিশেষায়িত পরীক্ষাগারে পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, মুরগিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ বা ভাজা হয়নি। বরং মুরগিতে রক্তের চিহ্ন পাওয়া গেছে। এরপর পৌরসভা কর্তৃপক্ষ সাময়িকভাবে পুরো আয়োজনটি বন্ধ করে দেয়। বিস্তারিত পরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আহমেদ আল সাদি কে?
রোলার কোস্টারের মুরগি ফ্রাইয়ের আয়োজক আহমেদ আল সাদি। ওমানের জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর তিনি। মূলত, উপসাগরীয় অঞ্চলের ক্যাম্পিং, অফ-রোড ভ্রমণ, রান্না এবং ভ্রমণভিত্তিক ভিডিও তৈরি করে অনলাইনে ব্যাপক পরিচিতি পেয়েছেন। ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। তার অধিকাংশ কনটেন্ট আরবি ভাষায় তৈরি হলেও ওমান ছাড়াও সমগ্র উপসাগরীয় অঞ্চলের দর্শকদের মাঝে তা ব্যাপক জনপ্রিয়।
আল সাদির কনটেন্টের বড় একটি অংশজুড়ে রয়েছে খাবার ও রান্না। প্রায়ই ক্যাম্পিংয়ের সময় খোলা আগুনে ঐতিহ্যবাহী ওমানি ও উপসাগরীয় খাবার রান্নার ভিডিও প্রকাশ করেন। তাছাড়া বিভিন্ন রেস্তোরাঁ পরিদর্শন, খাবারের রিভিউ, রোড ট্রিপ, মরুভূমি অভিযান, প্রকৃতিনির্ভর ভিডিও তৈরি করে ওমানের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাও তুলে ধরেন তিনি।







