সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জে সেগুন গাছ চুরির দায়ে দুইজন কারাগারে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ এলাকা থেকে সেগুন গাছ চুরির ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগাধীন সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার একটি সেগুন বাগান থেকে গত ৭ মে রাত থেকে ৮ মে ভোরের মধ্যে দুর্বৃত্তরা দুটি সেগুন গাছ কেটে নিয়ে যায়। চুরি হওয়া গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।
এ ঘটনায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদী হাসান বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত ও গোপন অনুসন্ধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গত ২৪ মে বিকেলে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া বাজার এলাকা থেকে মো. কুতুব মিয়া (৩৯) ও মো. কাউছার মিয়াকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয় এবং তথ্যপ্রযুক্তির বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে বলেও জানানো হয়।
মঙ্গলবার বিকেলে এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া গাছ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।







