শাবিপ্রবি কিন-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন-এর উদ্যোগে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি–২০২৫’-এর আওতায় গত শনিবার বিকাল ৪টা থেকে সিলেটের প্রত্যন্ত এলাকার ছড়াগাং চা বাগানে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ জন শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। পাশাপাশি চা বাগানের ৬০টি পরিবারকে একটি করে কম্বল বিতরণ করা হয়।
বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে ছিল শার্ট, প্যান্ট, টি-শার্ট, ট্রাউজার, নারীদের ওড়না, জামা-পায়জামা, শিশুদের পোশাক ও চাদরসহ প্রয়োজনীয় সামগ্রী। শীত মৌসুমে চা শ্রমিক ও তাঁদের পরিবারগুলোর কষ্ট লাঘবের লক্ষ্যেই কিন-এর সদস্যরা সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করেন।
কিন কর্তৃপক্ষ জানান, সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণেই এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কিন তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, কিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘কিন’ শব্দের অর্থ আত্মীয়—বিপদের সময়ে যেমন নিকট আত্মীয়রা পাশে এসে দাঁড়ায়, তেমনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই সংগঠনটি কাজ করে। কিন-এর মূলমন্ত্র—“আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত।” এবছরের শীতবস্ত্র কর্মসূচির প্রতিপাদ্য—“আত্মার উষ্ণতায় প্রস্ফূটিত হোক অমোঘ মানবতা।”







