সিলেটে প্রাতঃভ্রমণ ক্লাবের সদস্য আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সিলেট প্রাতঃভ্রমণ ক্লাব, শাহজালাল উপশহরের সাবেক অর্থ সম্পাদক ও আজীবন সদস্য মরহুম আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, স্মৃতিচারণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাউসার আহমদ হায়দারী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা আব্দুল মুকিত লস্কর।
আলোচনা সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুস সুবহান, সাবেক সভাপতি প্রফেসর ড. আব্দুল ওয়াহিদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশিদ মসরুর, সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আজীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু লেইছ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক জুন্নুরাইন চৌধুরী এবং সাবেক প্রচার সম্পাদক এ. কে. এম. শামসুন নুর।
বক্তারা মরহুম আলাউদ্দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর কর্মময় জীবন ও ক্লাবের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, একজন সদস্যের মৃত্যুতে ক্লাবের যে শূন্যতা সৃষ্টি হয়, তা সহজে পূরণ হওয়ার নয়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে ক্লাবের ঐতিহ্য ও মানবিক সম্পর্ক অটুট রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
মরহুম আলাউদ্দিনসহ ক্লাবের এ পর্যন্ত মৃত্যুবরণকারী সব সদস্যের রুহের মাগফিরাত এবং জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান। মোনাজাতে মরহুমদের ক্ষমা, কবরের শান্তি ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি ক্লাবের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করা হয়।






