সুনামগঞ্জে নির্মাণাধীন হাউজবোডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে নির্মাণাধীন হাউজবোটে বিদ্যুতের সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফেরিঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ডে ঘটনাটি ঘটে।
নিহত রাসেল উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে ও এলাকাশ শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার ফেরিঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ডে পর্যটকদের নৌভ্রমণের জন্য একটি হাউজবোটে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় রাসেল একটি বৈদ্যুতিক বাল্ব লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সহকর্মী ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল বাতেন ও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।







