সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও তিন জন আহত হয়েছেন। এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত ও তিন জন আহত হন।
সোমবার (৪ মে) দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পাশাপাশি দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হন।
ছাতকে নিহত তিনজনের মধ্যে একজন হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে অপর নিহতদের নাম নিশ্চিত হওয়া যায়নি।
নিলুফার আক্তার _৩৫), কেয়া আক্তার (১৫) শাহাবুদ্দিন (৪৫)সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহনের একটি বাস। অপরদিকে সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল সিএনজি। জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। এরপর হাসপাতালে দুজন মারা যান। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও দুজন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থাও গুরুতর।
এদিকে, দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি।







