স্বাক্ষরতার আলোয় এগিয়ে যাওয়ার প্রত্যয় আজমিরীগঞ্জে
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন। র্যালিটি প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সোহানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম সৌরভ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী প্রমুখ।
বক্তারা বলেন, স্বাক্ষরতা মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সচেতনতা ও আত্মনির্ভরতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার প্রসার ও একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।







