টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকারকে ইউকেবিসিসিআই -এর সংবর্ধনা
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হওয়ায় কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে UK Bangladesh Catalysts of Commerce and Industry (UKBCCI)।
বুধবার লন্ডনে আয়োজিত এ সংবর্ধনা, আলোচনা ও বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে UKBCCI-এর বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে UKBCCI-এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী এম জি মৌলা মিয়া এমবিই সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদকে স্বাগত জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন UKBCCI লন্ডন রিজিয়নের জেনারেল সেক্রেটারি জামাল আহমেদ। স্বাগত বক্তব্যে তিনি ব্যবসায়ী, কমিউনিটি ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
UKBCCI প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা সংগঠনের অন্যতম লক্ষ্য। নতুন উদ্যোক্তাদের সহযোগিতা, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃহত্তর কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদ UKBCCI-এর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্পিকার হিসেবে নতুন দায়িত্ব পালনে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন জনগোষ্ঠী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও কমিউনিটি সংগঠনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যারিস্টার মুস্তাক আহমেদ বলেন, টাওয়ার হ্যামলেটসের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, নতুন উদ্যোক্তা এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে UKBCCI-এর বিভিন্ন রিজিয়নের প্রতিনিধিরাও বক্তব্য দেন। ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল আঞ্চলিক ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। সাউথ ওয়েস্ট রিজিয়নের কনভেনার করিম মিয়া শামীম লন্ডনের বাইরের অঞ্চলের ব্যবসায়ীদের সংগঠনের কার্যক্রমে আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।
সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব এবং GSC, UK-এর সাবেক প্রেসিডেন্ট কে এম আবু তাহের চৌধুরী ব্যবসায়ী ও কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ ব্যবসায়ী সমাজ ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাফল্য আরও বিস্তৃতভাবে তুলে ধরার আহ্বান জানান।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন UKBCCI-এর নেটওয়ার্কিং কার্যক্রমের প্রশংসা করেন এবং ব্যবসায়িক ও কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
এ সময় সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এ মানান, দর্পণ টিভি ইউকে-এর প্রতিষ্ঠাতা রহমত আলী, সাবেক কাউন্সিলর রিটা বেগম এবং কাউন্সিলর বদরুল চৌধুরী বক্তব্য দেন। তাঁরা ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমে নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য দেন UKBCCI লন্ডন রিজিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হান্নান তারাফদার, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আবদুল আহাদ, মিডল্যান্ডস রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট জামিরুল ইসলাম সিরাজ, ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের জেনারেল সেক্রেটারি শাহীন উদ্দিন এবং সদস্য ড. নাজিয়া খানম OBE।
বক্তারা UKBCCI-এর আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণ, ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালী করা এবং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ব্যবসা সম্প্রসারণ, নতুন উদ্যোগ, বিনিয়োগ, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় হয়। পরে নেটওয়ার্কিং লাঞ্চ ও কেক কাটার আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার পাশাপাশি অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে।
UKBCCI ভবিষ্যতে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।






