শেখ হাসিনা পলাতকের বংশধর, বাংলাদেশে ফিরবে না: এমপি কয়ছর
শেখ হাসিনা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরবে না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন তাঁর বাবাও সে ভাবে পালিয়েছিলেন, তাঁর ছেলেও পালিয়েছেন। তাঁরা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরবেন না বলেও তিনি জানিয়েছেন। তিনি জানান, শেখ সাহেব যেভাবে না বলে পালিয়ে গিয়েছিলো সেভাবে তার মেয়ে শেখ হাসিনা ও পালিয়ে গিয়েছে না হলেই ফিরে আসবে বলে নি,আর বাংলাদেশে ফিরে আসবে না, বলছে ফিরে আসবে আসলে আসবে না। শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চায় দেশের জনগন। বিএনপি সরকার চাচ্ছে তাকে ফিরিয়ে আনতে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।
শনিবার (৮ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এসময় এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, বাংলাদেশে যখনই সংকট এসেছে, তখনই জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আবির্ভাব ঘটেছে। তিনি আরও বলেন, ২৫ মার্চের গণহত্যার পর ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, মুক্তিযুদ্ধে অংশ নিয়ে লাল সবুজের পতাকা অর্জনে ভূমিকা রেখেছেন। ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের সময়ও তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ,জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস প্রমুখ।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক ইমরান হোসেন চৌধুরী।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।







