শ্যামাপূজা ও দীপাবলির ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে পটকা ফোটানো বন্ধের আহবান
ধর্মীয় উৎসবের পবিত্রতা ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে আসন্ন শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা। একই সঙ্গে পটকার অবৈধ সরবরাহ, বিক্রি ও ব্যবহার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু দুঃখজনকভাবে প্রতিবছর এ উৎসবকে কেন্দ্র করে কিছু ব্যক্তি পটকা ফোটানোর মতো কর্মকাণ্ডে লিপ্ত হন। এতে ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি পূজায় আগত ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। পটকা ফোটানো কোনোভাবেই ধর্মীয় আচারের অংশ নয়; বরং এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা বাড়ায়।
তারা আরও বলেন, পটকার বিকট শব্দে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে অসুস্থ ও শব্দসংবেদনশীল ব্যক্তিদের জন্য এসব শব্দ মারাত্মক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অতীতেও পটকা ফোটানোর কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। তাই ধর্মীয় উৎসবের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার পাশাপাশি জননিরাপত্তার স্বার্থেও এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি।
বিবৃতিতে জানানো হয়, পটকার অবৈধ পাচার ও ব্যবসা বন্ধে ইতোমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সভায় বিষয়টি তুলে ধরা হয়েছে। এসব সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পটকার অবৈধ সরবরাহ ও ব্যবসা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় আসন্ন শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পটকার অবৈধ সরবরাহ, বিক্রি ও ফোটানো বন্ধে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবারও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।







