মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় ৫ বছর সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শাকিল মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ভোরে মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল মিয়া উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার মো. ধনু মিয়ার ছেলে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ২০২২ সালে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত মো. শাকিল মিয়াকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।







