বড়লেখায় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হলেন যারা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, সৃজনশীলতা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠ মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে শ্রেষ্ঠদের নির্বাচন করা হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রাণী দেবী। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি দাস। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়া পাল।
এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌফিকুল ইসলাম। শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা ফেরদৌসী।
অন্যদিকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব এ.কে. এম জুবায়ের আলম জানান, শিক্ষকদের পেশাগত দক্ষতা, পাঠদান পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা, বিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক শিক্ষার মান বিবেচনায় এনে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।







