শান্তিগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের পাশে স্পেন প্রবাসী দবির তালুকদার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীর গাও ইউনিয়নের দর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান ও স্পেন প্রবাসী এইচ এম দবির তালুকদারের উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গ্রামের মুরব্বিয়ান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, স্পেন প্রবাসী এইচ এম দবির তালুকদার দীর্ঘদিন ধরে নিজ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। প্রবাসে থেকেও জন্মভূমির মানুষের কল্যাণে তার এমন উদ্যোগ স্থানীয় ভাবে প্রশংসিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় পোশাক ও শিক্ষা উপকরণের অভাবে নানা সমস্যার মুখোমুখি হয়। তাদের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক। এইচ এম দবির তালুকদারের উদ্যোগটি তাই প্রশংসনীয়।
তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিরা নিজ নিজ এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এইচ এম দবির তালুকদার বলেন, আমি এই এলাকার সন্তান। নিজের এলাকার মানুষের জন্য কিছু করতে পারাকে আমি দায়িত্ব মনে করি। বিশেষ করে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সেজন্য সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা প্রয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এইচ এম দবির তালুকদার যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা গেছে। এ ধরনের সহযোগিতা তাদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।
এ সময় স্থানীয় মুরব্বিয়ানরাও তার এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে থেকেও তিনি নিজের এলাকার মানুষের কথা ভুলে যাননি। দরিদ্র মানুষের সহযোগিতা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্কুল ড্রেস বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় মুরব্বিয়ান ও উপস্থিত অতিথিরা এ উদ্যোগের জন্য এইচ এম দবির তালুকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।







