লাখাইয়ে রাতের আধারে টর্চ জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত শতাধিক

হবিগঞ্জের লাখাইয়ে বিরোধপূর্ণকাইঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মাঝে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ শতাধিক লোক আহত হয়েছে।
বুধবার সন্ধার পর থেকে সৃষ্ট সংঘর্ষ রাতের আধারে শত শত টর্চ লাইটের আলোতে ভয়াবহ রূপ ধারণ করে চলতে থাকে রাত ১০টা পর্যন্ত।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুপন আহমদ ও বিএনপি নেতা হারিছ মিয়ার মধ্যে কাইঞ্জা বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। বুধবার এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়, এক পর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘাতে জড়িয়ে যায়।এ সময় টর্চ লাইট জ্বালিয়ে দাঙ্গাবাজরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষে শতাধিক লোক আহত হয়। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খরব পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার দুপুরে) ওই এলাকায় থমথমে ছিলো, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বিলের দখল নিয়ে দুই দলের মধ্যে প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে, তবে যেকোন সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







