পাহাড় কেটে মাটি বিক্রি, ইউপি সদস্যকে জরিমানা
হবিগঞ্জের বাহুবলের মধুপুর চা-বাগান এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে বিক্রির দায়ে এক ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে উপজেলার সাতকাপন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শামীম আহমেদ (৫২)কে এ দণ্ড দেওয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ সাজা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শামীম আহমেদ অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা যাচাই শেষে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ের মাটি কাটার প্রমাণ পাওয়ায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, পাহাড়, টিলা ও পরিবেশ ধ্বংসকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় ও টিলার মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে পাহাড় ও টিলা রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছে তারা।







