জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা
বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়নের চূড়ান্ত ফলাফলে কাব স্কাউট শাখার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আকিলা ফারহা।
জাতীয় পর্যায়ে তার এ গৌরব অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
আকিলা ফারহা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দীদার হোসেন ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা হাছিনা আক্তারের কনিষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই সে মেধাবী, শৃঙ্খলাবোধ সম্পন্ন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
আকিলা ফারহার বাবা মোহাম্মদ দীদার হোসেন বলেন, মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সকল সফলতার পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও সবার দোয়া রয়েছে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য সে যেন ভালো কিছু করতে পারে। এজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
এদিকে আকিলা ফারহা জানান, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে সত্যিই আমার খুব ভালো লাগছে। এই সফলতার পেছনে আমার মা-বাবা, স্কাউট লিডার ও শিক্ষকদের অনুপ্রেরণাই সবচেয়ে বেশি ছিল। আমি স্কাউটিংয়ের মূলমন্ত্র বুকে ধারণ করে একজন আদর্শ নাগরিক হিসেবে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করতে চাই। সেজন্য সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া কামনা করছি।
রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের কাব স্কাউটের ইউনিট লিডার হালিমাতুন সাদিয়া বলেন,“ আকিলা ফারহা অত্যন্ত মেধাবী ও ভদ্র একজন অমায়িক শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি কাব স্কাউটিং ও সহশিক্ষা কার্যক্রমে তার আগ্রহ প্রশংসনীয়। তার জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।
জানা যায়, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। আকিলা ফারহাকে অ্যাওয়ার্ডটি অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউটিংয়ের কঠিন নিয়মাবলি অনুসরণ, শারীরিক ও মানসিক দক্ষতা এবং বিভিন্ন পারদর্শিতা চ্যালেঞ্জ সাফল্যের সাথে পার হতে হয়েছে।
স্থানীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক মূল্যায়ন শেষে জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ কঠোর মূল্যায়নের পর তাকে এই সর্বোচ্চ সম্মাননার জন্য মনোনীত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশে একযোগে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ২ মে ২০২৬ অনুষ্ঠিত হয়।
পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষে গত ১৭ মে ২০২৬ সারাদেশের ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে চূড়ান্তভাবে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করা হয়।







