পরিবার বাঁচাতে ‘সুপারহিউম্যান’ কিশোরের ৪ কিমি সাঁতার
অস্ট্রেলিয়ার উপকূলে বিপদের মুখে পড়ে নিজের মা ও দুই ভাইবোনকে বাঁচাতে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কেটে সাহায্য আনেন এক ১৩ বছর বয়সী কিশোর। প্রবল স্রোত ও অন্ধকারের মধ্যেও প্রায় চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছানোয় উদ্ধারকারীরা তাঁর সাহসকে ‘সুপারহিউম্যান’ বলে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়ার জিওগ্রাফ বে এলাকায় পরিবারটি একটি সরু নৌকায় ভ্রমণ বা খেলাধুলা করছিল। হঠাৎ প্রবল বাতাসে নৌকাটি দিক হারিয়ে গভীর সমুদ্রে ভেসে যায়। পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়লে ১৩ বছর বয়সী ছেলেটি তীরে ফিরে সাহায্য আনতে চেষ্টা করে। শুরুতে সে নৌকা নিয়ে এগোচ্ছিল, কিন্তু একপর্যায়ে নৌকায় পানি ঢুকে পড়লে বাধ্য হয়ে প্রায় চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়।
পুলিশ আরও জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার প্রায় ১৪ কিলোমিটার দূরে সমুদ্রে ভেসে থাকা একটি প্যাডেলবোর্ডে আঁকড়ে থাকা ৪৭ বছর বয়সী মা, তার ১২ বছর বয়সী ছেলে এবং ৮ বছরের মেয়েকে খুঁজে পায়।
ন্যাচারালিস্ট ভলান্টিয়ার মেরিন রেসকিউ গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিবারের সাহস, শক্তি ও দৃঢ়তা অসাধারণ ছিল, বিশেষ করে সেই কিশোরের, যিনি চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছে সাহায্য ডেকে এনেছেন।
পুলিশ ইন্সপেক্টর জেমস ব্র্যাডলি বলেছেন, এই ঘটনা দেখিয়ে দেয় সমুদ্রের পরিস্থিতি কত দ্রুত বদলে যেতে পারে। ভাগ্যক্রমে তিনজনই লাইফ জ্যাকেট পরেছিলেন, যা তাদের বেঁচে থাকতে সাহায্য করেছে। তিনি আরও বলেন, ১৩ বছর বয়সী ছেলেটির সাহস ও দৃঢ়তার প্রশংসা যতই করা হোক কম, তার কারণেই মা ও ভাইবোনদের জীবন রক্ষা পেয়েছে।







