শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষা-২০২৬ (শান্তিগঞ্জ মডেল)’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২ হাজার ৫৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্রের হল পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুর আলম সিদ্দিকী, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব ও হল সুপারসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করেন। সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।






