বড়লেখায় ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর প্রত্যয়ে মৌলভীবাজারের বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শিশু শিক্ষা একাডেমি ও হাই-টেক ইসলামিক একাডেমি, পাখিয়ালা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র হস্তান্তরের মাধ্যমে পরীক্ষার সূচনা করেন ঢাকা-দক্ষিণ মহিলা কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আব্দুস শহীদ খান।
এ সময় উপস্থিত ছিলেন সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র দাস, বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা সমন্বয়ক তপন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ও শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহেল আহমদ, কেন্দ্র সচিব ও এসোসিয়েশনের সহ-সভাপতি এবং শিশু শিক্ষা একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন হল সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, সহকারী হল সুপার ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং ব্রাইট কেয়ার একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সানেল, এসোসিয়েশনের উপদেষ্টা ও ইয়েলো ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, কেবল মেধা যাচাই নয়, শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






