মুমিনের ঈমান, ধন-সম্পদ ও জীবনের নিরাপত্তায় ৮ করণীয়
একজন মুমিনের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ঈমান। অর্থসম্পদ, সম্মান, সামাজিক অবস্থান কিংবা পার্থিব সাফল্য হারিয়ে গেলেও তা পুনরুদ্ধারের সুযোগ থাকতে পারে; কিন্তু ঈমান হারিয়ে ফেললে তার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ।
তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজের দ্বীন ও ঈমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রত্যেক মুমিনের অপরিহার্য দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ কোরো না। আর তোমরা সৎকর্ম করো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা : বাকারা, আয়াত : ১৯৫)
১. নিজের এবং অন্যের ক্ষতি থেকে বিরত থাকা : মানুষ এমন কোনো কাজ করতে পারে না, যার মাধ্যমে সে জেনেশুনে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিশোধে ক্ষতি করাও যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)
২. আমলের ঝুঁকি এড়িয়ে চলা: একজন মুমিনের জীবনে ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ এবং নামাজ হলো দ্বীনের অন্যতম প্রধান স্তম্ভ। দুনিয়ার কোনো স্বার্থ, প্রলোভন কিংবা সাময়িক সুবিধার জন্য নিজের ঈমান ও ইবাদতকে বিপন্ন করা বুদ্ধিমানের কাজ নয়।
অনেক সময় মানুষ চাকরি, ব্যবসা, সামাজিক মর্যাদা কিংবা মানুষের মন জয়ের আশায় এমন কিছু কাজে জড়িয়ে পড়ে, যা তার আমলকে ক্ষতিগ্রস্ত করে। তাইতো আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ কোরো না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১০২)
অন্যদিকে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)
৩. পাপ ও সীমালঙ্ঘন থেকে নিজেকে নিরাপদ রাখা: মানুষের জীবনে বিপদের অন্যতম বড় উৎস হলো পাপ, অন্যায় ও সীমালঙ্ঘন। হত্যা, জুলুম, আগ্রাসন, প্রতারণা, হারাম উপার্জন এবং অন্যের অধিকার নষ্ট করার মতো অপরাধ শুধু ব্যক্তি ও সমাজের শান্তিই বিনষ্ট করে না; বরং মানুষের আখিরাতকেও বিপন্ন করে।
কখনো সামান্য স্বার্থের কারণে মানুষ এমন অপরাধে জড়িয়ে পড়ে, যার পরিণতি তাকে দীর্ঘদিন ভোগ করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯০)
৪. সন্দেহ ও অশ্লীলতা থেকে দূরে থাকা: বর্তমান সময়ে মানুষের ঈমান ও নৈতিকতার জন্য বড় একটি চ্যালেঞ্জ হলো সন্দেহ, অশ্লীলতা ও অনৈতিকতার অবাধ বিস্তার। ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মানুষ প্রতিনিয়ত নানা ধরনের প্রলোভনের মুখোমুখি হচ্ছে। বিশেষত অশ্লীল ছবি, ভিডিও, অবৈধ সম্পর্ক এবং নৈতিকতাবিরোধী বিষয়গুলো মানুষের চিন্তা ও চরিত্রকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
অনেকেই কৌতূহলবশত এসব বিষয় দেখতে শুরু করেন। পরে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। ফলে অন্তরের পবিত্রতা নষ্ট হয়, ইবাদতে মনোযোগ কমে যায় এবং পাপের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। অথচ ইসলাম মানুষকে এসব বিপজ্জনক পথের কাছেও যেতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র।’ (সুরা : নুর, আয়াত : ৩০)
পরের আয়াতে মুমিন নারীদেরও দৃষ্টি সংযত রাখা ও লজ্জাস্থানের হেফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর এ দুটির মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয়, যা অনেক মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সে তার দ্বীন ও সম্মানকে নিরাপদ রাখে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫২)
৫. অসৎ সঙ্গ ত্যাগ করা: মানুষের চরিত্র ও চিন্তাধারা গঠনে সঙ্গের প্রভাব অত্যন্ত গভীর। একজন ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। অন্যদিকে অসৎ মানুষের সাহচর্যে থাকলে ধীরে ধীরে তার মন্দ অভ্যাস ও চিন্তাধারা নিজের মধ্যেও প্রবেশ করতে পারে। প্রথমে যে কাজকে মানুষ ঘৃণা করত, একসময় সেটিকেই স্বাভাবিক মনে হতে শুরু করে। এ কারণেই ইসলাম সৎ ও আল্লাহভীরু মানুষের সাহচর্য গ্রহণের নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
৬. পার্থিব লাভের জন্য নীতির সঙ্গে আপস না করা: মানুষের জীবনে অর্থ, সম্পদ, পদমর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। ইসলামও বৈধ উপায়ে এসব অর্জনকে নিষিদ্ধ করেনি। কিন্তু এসব অর্জনের জন্য নিজের নীতি, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ বিসর্জন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কখনো ব্যবসায়িক লাভের জন্য মানুষ মিথ্যার আশ্রয় নেয়, কখনো চাকরি কিংবা পদোন্নতির আশায় অন্যায়ের সঙ্গে আপস করে। অথচ সাময়িক লাভের বিনিময়ে নিজের ঈমান ও নৈতিকতা বিসর্জন দেওয়া প্রকৃতপক্ষে বিরাট ক্ষতি। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত কোরো না এবং জেনে-শুনে সত্য গোপন কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ৪২)
৭. বৈধ প্রয়োজনে ঝুঁকি নেওয়া: ইসলাম ঝুঁকিমুক্ত জীবনযাপনের নির্দেশ দেয়নি; বরং বৈধ ও প্রয়োজনীয় উদ্দেশ্যে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে উৎসাহিত করেছে। সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ, মানুষের জীবন রক্ষা, জীবিকা অর্জন এবং দ্বীনের কল্যাণে কখনো কখনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে সেই ঝুঁকি হতে হবে বিবেচনাপ্রসূত, বৈধ ও কল্যাণকর। অন্যদিকে কোনো প্রয়োজন ছাড়াই নিজের জীবন, স্বাস্থ্য, ঈমান কিংবা মানসিক সুস্থতাকে বিপদের মুখে ঠেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা নিজেদের হত্যা কোরো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।’ (সুরা : নিসা, আয়াত : ২৯)
৮. পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহন করা: মানুষ যত জ্ঞানী কিংবা অভিজ্ঞই হোক না কেন, তার জ্ঞান ও উপলব্ধির সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় নিজের সিদ্ধান্তকে সঠিক মনে হলেও বাস্তবে তা ভুল প্রমাণিত হতে পারে। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ, জ্ঞানী ও বিশ্বস্ত মানুষের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। বিশেষত দ্বীনি বিষয়ে আলেমদের শরণাপন্ন হওয়া এবং পার্থিব বিষয়ে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা একজন সচেতন মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলি বর্ণনা করে বলেন, ‘আর তাদের কাজকর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয়।’ (সুরা : শুরা, আয়াত : ৩৮)







