সুনামগঞ্জে সীমান্তে ৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
সুনামগঞ্জের তিনটি উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চার লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কম্বল, ফুসকা ও রসুনসহ বিভিন্ন মালামাল।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ছিলাউড়া বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি ফুসকা মালিকবিহীন অবস্থায় জব্দ করে। তাহিরপুর উপজেলার চাঁনপুর বিজিবি টহল দল বারেকটিলা এলাকায় অভিযান চালিয়ে ২০টি কম্বল জব্দ করে। অন্যদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিজিবি টহল দল মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৭০ কেজি রসুন জব্দ করে। পৃথক তিনটি অভিযানে জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।







